নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:০৪, ৬ সেপ্টেম্বর ২০২৬
মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে তদন্ত করছে পুলিশ।ছবি: সংগৃহীত
নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকা থেকে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে নড়াইল সদর থানা পুলিশ।
গ্রেপ্তার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি নড়াইল পৌর এলাকার একটি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ভুক্তভোগী এক শিশুর মা সন্তানকে দেখতে ডুমরতলা গ্রামের ওই মাদরাসায় যান। সেখানে আট বছর বয়সী ওই শিশু তার মাকে জানায়, আগের রাতে শিক্ষক মাহবুবুর রহমান তাকে ধর্ষণ করেছেন।
বিষয়টি জানার পর শিশুটির মা মাদরাসা কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কর্তৃপক্ষ শিশুটির সঙ্গে কথা বললে সে ঘটনার বিস্তারিত জানায়। একই সময়ে মাদরাসায় থাকা আরও পাঁচ শিশুছাত্রও শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মাহবুবুর রহমান আত্মগোপনে চলে যান। পরে ৫ সেপ্টেম্বর ভুক্তভোগী এক শিশুর মা নড়াইল সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের প্রায় ১০ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মা থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি মাহবুবুর রহমানকে মামলা হওয়ার ১০ ঘণ্টার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
ব্রেকিং