নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৫১, ৩০ জানুয়ারি ২০২৬
নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ - ছবি: সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, প্রাচীন জেলা হিসেবে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জনগণের।
তিনি জানান, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে এটি বাস্তবায়ন করা হবে। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি নোয়াখালীতে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দিতে হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
হান্নান মাসউদ বলেন, নোয়াখালী যেন গরিবের বউ, সবার ভাবি—এখানকার জমি ভোলা, সন্দ্বীপ ও কুমিল্লার লোকজন ছিনিয়ে নিতে চায়, তা হতে দেওয়া হবে না। জেলার প্রধান সমস্যা নদীভাঙন; হাতিয়া, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাট ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। মাইজদী শহরের জলাবদ্ধতা মানুষকে নিদারুণ কষ্ট দিচ্ছে। জোট ক্ষমতায় এলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে।
তিনি আরও বলেন, নোয়াখালীতে ব্লু ইকোনমি জোন, ফিশারিজ-মেরিন ইউনিভার্সিটি স্থাপনের প্রয়োজন। জোট ক্ষমতায় এলে এসব অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ড নিয়ে হান্নান মাসউদ বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে এসব কার্ড কেবল নেতাদের স্ত্রীরাই পাবে, সাধারণ মানুষ নয়।
জনসভায় জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার, জেলা এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, নোয়াখালী-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্যাহ, নোয়াখালী-২ আসনের এনসিপির প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, নোয়াখালী-৫ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতা এটিএম মাছুম বিল্লাহ, সিবগাতুল্লাহ সিবগাহ, সাদিক কায়েম, মু. মুতাসিম বিল্লাহ শাহেদী ও মুহাম্মাদ সায়েদ সুমনও জনসভায় অংশ নেন।
ব্রেকিং