আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মেলরোজে বাক্সে রাখা এক মাসের টেস্টোস্টেরন জেল।-ছবি: রয়টার্স
পেন্টাগন ৩০ বছর বা তার বেশি বয়সী মার্কিন সেনাসদস্যদের মধ্যে টেস্টোস্টেরনের ঘাটতি পরীক্ষা বাধ্যতামূলক করার কর্মসূচি আবার চালু করছে। বৃহস্পতিবার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। চিকিৎসা বিশেষজ্ঞরা এর আগে এই কর্মসূচিকে অপ্রয়োজনীয় এবং সম্ভাব্য ক্ষতিকর হিসেবে বর্ণনা করেছিলেন।
নতুন ক্লিনিক্যাল নির্দেশনাটি শুধু পুরুষ সেনাসদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে টেস্টোস্টেরনের ঘাটতি শনাক্তকরণ ও চিকিৎসার জন্য অভিন্ন পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, নারী সেনাসদস্যদের জন্য আলাদা নির্দেশনা পরবর্তী সময়ে জারি করা হবে।
চিকিৎসা পেশাজীবীরা সতর্ক করে বলেছেন, ভুলভাবে টেস্টোস্টেরন দেওয়া হলে সেনাসদস্যদের বন্ধ্যত্বের ঝুঁকি বাড়তে পারে এবং এর ফলে অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিতে পারে। পেন্টাগন সেপ্টেম্বরের শুরুতে আগের নির্দেশনাটি ‘হালনাগাদ করার সুযোগ দিতে’ সাময়িকভাবে প্রত্যাহার করেছিল। তবে নতুন নির্দেশনায় কী কী পরিবর্তন আনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
নতুন নির্দেশনায় নিয়মিত স্বাস্থ্য মূল্যায়ন ও বার্ষিক শারীরিক পরীক্ষার অংশ হিসেবে টেস্টোস্টেরন পরীক্ষা করার কথা বলা হয়েছে। তবে ৩০ বছরের কম বয়সী সেনাসদস্যরা নিজেদের অনুরোধে অথবা চিকিৎসাগত প্রয়োজন থাকলে এই পরীক্ষা করাতে পারবেন।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ‘অবিলম্বে কার্যকর হওয়া এই নির্দেশনা পুরুষদের টেস্টোস্টেরনের ঘাটতি নিয়ে কাজ করবে এবং পরীক্ষা ও চিকিৎসার জন্য অভিন্ন পদ্ধতি নির্ধারণ করবে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, যিনি সামরিক প্রস্তুতি বাড়াতে টেস্টোস্টেরন ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছেন, জুলাইয়ে প্রথম এই পরীক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দেন। আগের নির্দেশনা অনুযায়ী, নারী সেনাসদস্যদেরও একটি প্রশ্নমালার মাধ্যমে পরীক্ষা করার কথা ছিল। এরপর হরমোনের ভারসাম্যহীনতাসংক্রান্ত সমস্যার চিকিৎসার আওতায় তাদের নেওয়া যেত।
পুরুষদের টেস্টোস্টেরন থেরাপি নিয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) তাদের অবস্থানে পরিবর্তন আনার সময়েই নতুন এই পদ্ধতি চালু করা হলো। গত বছর পুরুষদের টেস্টোস্টেরনজাত পণ্যের ক্ষেত্রে হৃদ্যন্ত্রসংক্রান্ত ঝুঁকি বাড়ার বিষয়ে থাকা ‘বক্সড ওয়ার্নিং’ বা সর্বোচ্চ মাত্রার সতর্কবার্তা সরিয়ে নেয় এফডিএ। তবে এসব পণ্যে রক্তচাপ বাড়ার বিষয়ে এখনও সতর্কতা রয়েছে।
জুনে এফডিএ নতুন প্রমাণ পর্যালোচনার পর প্রস্তুতকারকদের এমন লেবেলিং সরিয়ে ফেলতে বলে, যেখানে বলা হয়েছিল বয়সজনিত হাইপোগোনাডিজমে আক্রান্ত পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপির নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। তবে কোনো অন্তর্নিহিত চিকিৎসাগত কারণে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকা পুরুষদের জন্য টেস্টোস্টেরনজাত পণ্য এখনও এফডিএ অনুমোদিত।
নারীদের জন্য এফডিএ অনুমোদিত কোনো টেস্টোস্টেরনজাত পণ্য নেই। চিকিৎসা সংস্থাগুলো সাধারণত নারীদের ক্ষেত্রে মেনোপজের সঙ্গে সম্পর্কিত দীর্ঘস্থায়ী যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার চিকিৎসায় মূলত টেস্টোস্টেরন ব্যবহারের পরামর্শ দেয়। তবে শক্তি, চিন্তাশক্তি বা পেশির ভর বাড়ানোর মতো অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ নেই বলে তারা মনে করে।
সূত্র: রয়টার্স
ব্রেকিং