আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৯, ১৯ জানুয়ারি ২০২৬
ছবি: তেহরান টাইমস
রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর দেশ ইরান। সুউচ্চ পর্বতশ্রেণি, বিস্তৃত বনভূমি, স্বর্ণালি মরুভূমি, শান্ত হ্রদ ও নীল জলরাশির উপকূল—সব মিলিয়ে দেশটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য এক অনন্য গন্তব্য। অ্যাডভেঞ্চার, বন্যপ্রাণী পর্যবেক্ষণ কিংবা নিঃশব্দ পরিবেশে অবকাশ—সব ধরনের অভিজ্ঞতাই এখানে পাওয়া যায়।
পর্বত ও উচ্চশৃঙ্গের দেশ
ইরানি প্ল্যাটোর প্রধান বৈশিষ্ট্য জাগরোস ও আলবোরজ পর্বতমালা। আলবোরজ পর্বতমালা উত্তর ইরানে বিস্তৃত হয়ে কাসপিয়ান সাগর ও কেন্দ্রীয় মালভূমির মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। এখানেই অবস্থিত মাউন্ট দামাভান—ইরানের সর্বোচ্চ শৃঙ্গ ও এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি, যার উচ্চতা ৫ হাজার ৬১০ মিটার। তুষারাবৃত চূড়া ও বিস্তৃত দৃশ্য বিশ্বের নানা প্রান্তের পর্বতারোহীদের আকর্ষণ করে।
উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পশ্চিম পর্যন্ত বিস্তৃত জাগরোস পর্বতমালা দুর্গম ভূপ্রকৃতি, নদী ও সবুজ উপত্যকার জন্য পরিচিত। হাইকিং ও ট্রেকিংয়ের জন্য এটি অত্যন্ত জনপ্রিয়।
মরুভূমির রহস্যময় সৌন্দর্য
পর্বত ও বনের পাশাপাশি ইরানে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি। দাশতে লুট ও দাশতে কাভির দেশের সবচেয়ে ব্যতিক্রমী প্রাকৃতিক অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। ইউনেস্কো স্বীকৃত লুট মরুভূমি পরিচিত বিশাল বালিয়াড়ি, লবণাক্ত সমভূমি ও নাটকীয় পাথুরে গঠনের জন্য। রাতে তারাভরা আকাশ মরুভূমিটিকে করে তোলে আরও মোহময়।
দাশতে কাভির বা গ্রেট সল্ট ডেজার্টের বিস্তৃত লবণভূমি নিঃসঙ্গতা ও প্রশান্তির অনুভূতি দেয়। কশানের কাছে মারানজাব মরুভূমি তুলনামূলক সহজলভ্য এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে জনপ্রিয়।
উত্তরাঞ্চলের সবুজ বনভূমি
উত্তর ইরানে প্রকৃতির রূপ বদলে যায়। কাসপিয়ান সাগরের দক্ষিণ তীরবর্তী গিলান, মাযন্দারান ও গোলেস্তান প্রদেশে রয়েছে ঘন বন, পাহাড়ি ঝর্ণা, চা বাগান ও বিস্তৃত ধানের ক্ষেত। এখানকার হিরকানিয়ান বন প্রায় ২ কোটি ৫০ লাখ বছরের পুরনো এবং বিরল বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত।
হ্রদ, জলাভূমি ও নদী
ইরানের হ্রদ ও জলাভূমিগুলো পাহাড়ি অভিযানের পাশাপাশি শান্ত বিশ্রামের সুযোগ দেয়। জাগরোস অঞ্চলের জারিবার হ্রদ এবং দামাভানের কাছে ৩ হাজার মিটার উচ্চতায় অবস্থিত লেক তার প্রকৃতিপ্রেমীদের কাছে জনপ্রিয়। কারুন ও জায়ান্দেহ রূদের মতো নদীগুলো দেশের জলসম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সৈকত ও দ্বীপের আকর্ষণ
কাসপিয়ান সাগরের বালুকাবেলা যেমন শান্ত অবকাশের সুযোগ দেয়, তেমনি দক্ষিণে পার্সিয়ান উপসাগর ও ওমান উপসাগরের দ্বীপগুলো ভিন্ন অভিজ্ঞতা উপহার দেয়। হরমুজ দ্বীপের লাল সৈকত ও কেশ্ম দ্বীপের অনন্য ভূগঠন ও ম্যানগ্রোভ বন পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
ঋতুভেদে ভিন্ন রূপ
ইরানের প্রকৃতি ঋতুভেদে ভিন্ন রূপ ধারণ করে। শীতে পাহাড়ে স্কি রিসর্ট, বসন্তে বন্যফুলে ভরা উপত্যকা, গ্রীষ্মে শীতল পাহাড়ি হ্রদ আর শরতে আরামদায়ক আবহাওয়া—সব মিলিয়ে সারা বছরই ভ্রমণের উপযোগী এই দেশ। বসন্ত ও শরৎকাল প্রকৃতিভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময় বলে মনে করা হয়।
সূত্র: তেহরান টাইমস
ব্রেকিং