নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:২১, ৩০ জুলাই ২০২৬
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ ও পাঁচ মাইল বাজার এলাকায় পৃথক দুই ঘটনায় এ হামলার কথা জানায় দলটি।
এনসিপির নেতাদের দাবি, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু জানান, হামলার সময় গাড়িতে তিনি, সারজিস আলমসহ দলের কয়েকজন নেতা ছিলেন। হামলায় একটি গাড়ির জানালার কাচ ভেঙে যায়।
মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
অন্যদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার অভিযোগ তুলে বলেন, গোলাপগঞ্জে তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পরে পাঁচ মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় আবারও হামলার শিকার হওয়ার দাবি করেন তিনি।
তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্যও এখনও জানা যায়নি।
ব্রেকিং