হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৩, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৩৩, ১৭ জানুয়ারি ২০২৬

হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত বীর হাসনাত আব্দুল্লাহের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতের দিকে বদুরপাড়া এলাকায় এ হামলা হয়। এতে মাঈনউদ্দীন নামে আরেক যুবকও আহত হয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ১৫–২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পসংলগ্ন সড়কে এই হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির জের ধরেই এ হামলা সংঘটিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাইযোদ্ধা জানান, চট্টগ্রাম–১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই এ হামলা হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে চট্টগ্রাম–১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের ওপর হামলা চলতে থাকলে রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক হতে পারে না।

হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত বীর হাসনাত আব্দুল্লাহের ওপর চন্দনাইশে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপির প্রার্থী ছিলেন। পরবর্তীতে ১১ দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম–১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন। 

আরও পড়ুন