নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিনে কাফরুল থানার সামনে একটি বাসেও আগুন দেওয়া-ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিনে কাফরুল থানার সামনে একটি বাসেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, মগবাজার, বাবুবাজার ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।
সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি হাতবোমা নিচে ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার পুলিশ জানায়, ঘটনার পর তাদের একটি দল ঘটনাস্থলে কাজ করে।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে।
রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা বা কোন দিক থেকে এসব হাতবোমা ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এরপর মগবাজার চৌরাস্তা, বাবুবাজার ব্রিজের নিচে এবং রামপুরা এলাকায়ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকটি স্থানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে বাসটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
একই রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ব্রেকিং