সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশ: ২০:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি প্রবাসীর মরদেহ আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রিয়াদ–তায়েফ মহাসড়কের রিদওয়ান ব্রিজ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে আল-হাওয়িয়াহ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত চারজন একটি ইনোভা গাড়িতে করে যাচ্ছিলেন। পথে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশি প্রাণ হারান।

নিহতরা হলেন—করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম। তাদের সবার বাড়ি সিলেট জেলায়।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এক শোকবার্তায় তারা জানান, নিহতদের বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন