কক্সবাজার যাওয়ার কথা ছিল তিশার, দুই বাসের চাপায় মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৩:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার যাওয়ার কথা ছিল তিশার, দুই বাসের চাপায় মৃত্যু

বনশ্রীতে দুই বাসের চাপায় নিহত মাইলস্টোনের শিক্ষিকা তাসফিয়া আহমেদ তিশা।-ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিশার কক্সবাজারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিশা। এ সময় সারা পরিবহনের আরেকটি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর তাকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তিশার বাড়ি রাজধানীর মেরাদিয়ার নয়াপাড়ায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন।

তিশার ভাই এনাম আহমেদ জানান, তার বোন কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যার দিকে তিনি জানতে পারেন, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তিশা দুর্ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে তিনি ঢামেক হাসপাতালে ছুটে যান।

বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা জানান, তিশা তার দোকান থেকে নিয়মিত পোশাক তৈরি করাতেন। তার ভাষ্য, তিশা খুব ভালো মানুষ ছিলেন। দুর্ঘটনার পর সড়কে তার নিথর দেহ দেখে তিনি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাত পৌনে ৯টার দিকে তিশার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করেছে। একই সঙ্গে একজন চালক ও একজন হেলপারকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন