নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে নিজ ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত আইভী আক্তার (১৮) কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে। প্রায় এক বছর আগে শরীয়তপুরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী কাতারে চলে যান।
পুলিশ জানিয়েছে, আইভীর ব্যবহৃত আইফোন চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকেছিল কি না, নাকি হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ রয়েছে—দুই বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই আইভী তার চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। সম্প্রতি স্বামী বিদেশে থাকায় তিনি চাচার বাড়িতে বেড়াতে আসেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় কালাম শরীফ নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। এ সময় পরিবারের অন্য সদস্যরা চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মাদারীপুর শহরে ছিলেন। নামাজ শেষে বাড়ি ফিরে তিনি ঘরের ভেতর আইভীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আইভীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের চাচা কালাম শরীফ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আইভীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চুরির উদ্দেশ্যে নাকি পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা না গেলেও জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।
ব্রেকিং