আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: আল জাজিরা
হরমুজ প্রণালি ও তেল সরবরাহকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বেড়েছে। জাহাজে হামলা, সম্ভাব্য আলোচনা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি অবস্থান জানিয়েছে। একই সময়ে দক্ষিণ লোহিত সাগরেও নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এল গাইয়া’ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত পেয়েছে—ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) এমন দাবি সঠিক নয়। সেন্টকমের দাবি, গত মাসে জাহাজটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে চলতি সপ্তাহান্তে ওমানের উপকূলের কাছে অবস্থানকালে এটি আবারও একটি ড্রোনের হামলার শিকার হয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে ওয়াশিংটন আলোচনায় অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই বলেছেন, তেল ও হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি বদলে গেছে। ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ইয়েমেনের হুতিরা দাবি করেছে, তারা দক্ষিণ লোহিত সাগরের গ্রেটার ও লেসার হানিশ দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়েছে। গোষ্ঠীটির আরও দাবি, গত ৪৮ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমান ওই এলাকায় ১২৯টি বিমান হামলা চালিয়েছে।
সূত্র: বিবিসি
ব্রেকিং