গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২, আহত ১৩

গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বেসামরিক গাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শন করছেন ফিলিস্তিনিরা। ছবি: আল জাজিরা

গাজার রাজধানী গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববারের ওই হামলায় নিহত দুজনের মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায় বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করতে সহায়তার জন্য সাধারণ মানুষের কাছে তথ্য চাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরার যাচাই করা ভিডিওতে হামলার শিকার গাড়িটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। গাড়িটির ছাদ ও দরজা ছিন্ন হয়ে গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হামাসের দুই যোদ্ধাকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে।

গাজায় গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তেল, জ্বালানি ও প্রয়োজনীয় যন্ত্রাংশের সংকটে সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের অনুমোদিত সীমিত জ্বালানি সরবরাহ হাসপাতালের জরুরি প্রয়োজন মেটালেও মাসে প্রয়োজনীয় প্রায় ২ হাজার ৫০০ লিটারের তুলনায় তা অনেক কম।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৬৯ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন