আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে উদ্ধার অভিযানের সময় অভিবাসীদের বহন করছে একটি কার্গো জাহাজ। ছবি: আল জাজিরা
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন এবং ৫১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
সোমবার কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, ওই এলাকায় থাকা দুটি নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটিতে মোট ৭৭ জন ছিলেন। গ্রিসের গাভদোস দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ কাজে চারটি জাহাজ, কয়েকটি নৌকা, ফ্রন্টেক্সের বিমান এবং কোস্টগার্ডের একটি হেলিকপ্টার অংশ নিয়েছে। তবে প্রবল বাতাসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
উদ্ধার হওয়া ৫১ জনকে ক্রিটে নেওয়া হচ্ছে। সেখানে তাদের জন্য নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি নিউজ।
উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ক্রিট ও গাভদোস বর্তমানে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।
সম্প্রতি অভিবাসন নিয়ন্ত্রণে গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশ কঠোর নীতি গ্রহণ করেছে। দেশটি অভিবাসীদের সমুদ্রপথে প্রবেশ ঠেকাতে আশ্রয় আবেদন গ্রহণেও সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল।
সূত্র: আল জাজিরা
ব্রেকিং