ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৭ ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার নির্বাচন কমিশনে কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সকালে কমিশন সভা করে। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে কমিশনার সানাউল্লাহ জানান, সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, “স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা করেছি। সাত ধাপে ভোট করার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ইসি জানিয়েছে, সম্ভাব্য ভোটের তারিখগুলো হলো—

প্রথম ধাপ: ১২ নভেম্বর
দ্বিতীয় ধাপ: ১৩ ডিসেম্বর
তৃতীয় ধাপ: ৩০ ডিসেম্বর
চতুর্থ ধাপ: আগামী বছরের ১৭ জানুয়ারি
পঞ্চম ধাপ: আগামী বছরের ৪ ফেব্রুয়ারি
ষষ্ঠ ধাপ: ২২ এপ্রিল
সপ্তম ধাপ: ২৭ মে

প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান নির্বাচন কমিশনার।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন