নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:১৪, ২৫ আগস্ট ২০২৬
বিমান বাহিনীর আধুনিকায়নে চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ।ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়ন বাড়াতে চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা এগিয়ে চলছে। এ সংক্রান্ত আলোচনার ভিত্তিতে একটি খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন ধরনের চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ), যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং ইউএভি সিস্টেম সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া বর্তমানে বিভিন্ন পর্যায়ে রয়েছে।
তিনি জানান, প্রয়োজনীয় বাজেট চলতি অর্থবছরে পাওয়া গেলে সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তা সম্ভব না হলে পরবর্তী অর্থবছরের বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হতে পারে।
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এমআরসিএ, জে-১০সিই এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে আলোচনা হয়েছে। এসব আলোচনার ভিত্তিতে একটি খসড়া চুক্তিপত্র তৈরি করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে আলোচনা করছে—এমন তথ্য ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে এসেছে। তবে পুরো প্রক্রিয়াটি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে।
ব্রেকিং