নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:২৫, ৩০ আগস্ট ২০২৬
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুম-খুন ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী/ ছবি: সংগৃহীত
বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবার এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের নিয়োগপত্র প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের মোট ৭৪ সদস্যকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই আন্দোলনে আহত ও দৃষ্টিশক্তি হারানো আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমও নিয়োগপত্র পেয়েছেন।
অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।
ইশফাক আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের পরিবার দীর্ঘদিন নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই সময়ে বিএনপি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাদের পরিবারের পাশে ছিল। চাকরি দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ব্রেকিং