চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:২১, ৬ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট

ইউপি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বরের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল প্রকাশের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের সব ইউনিয়নে একই সময়ে ভোট না নিয়ে পর্যায়ক্রমে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সরকারের ব্যয় সাশ্রয় নীতির বিষয়টি বিবেচনায় রেখেই এ পরিকল্পনা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের শেষ নাগাদ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট আয়োজন করা হলে প্রশাসনিক ও আর্থিকভাবে বড় ধরনের চাপ তৈরি হবে। তাই ধাপে ধাপে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি কমিশনার জানান, ভোটের সময় নির্ধারণে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নভেম্বর ও ডিসেম্বর সাধারণত শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হয় এবং শিক্ষকরা ভোটগ্রহণের দায়িত্বে থাকেন, তাই ওই সময়কে এড়িয়ে নির্বাচন আয়োজন করা হবে। পরীক্ষার আগে অথবা পরীক্ষা শেষ হওয়ার পর ভোটের সময় নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

ভোটার স্থানান্তর নিয়ে ইসির ব্যাখ্যা

ভোটার স্থানান্তর প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটার স্থানান্তর একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এটিকে কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করার সুযোগ নেই। অনিয়ম ও বিভ্রান্তি এড়াতে কমিশন নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোটার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা করেছে।

এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণে আপত্তি

এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে কমিশনের অবস্থান নেতিবাচক বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

ইসির মতে, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষ পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিক্ষকতার দায়িত্ব পালনে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে এবং শিক্ষার পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নির্বাচন কমিশন সরকারের চাপের মধ্যে রয়েছে—জামায়াতের এমন অভিযোগের বিষয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। বরং কমিশনকে রাজনৈতিকভাবে চাপে রাখার উদ্দেশ্যেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

উপনির্বাচনে প্রযুক্তির ব্যবহার

আসন্ন উপনির্বাচনগুলোতে ভোটারদের জন্য ভোট দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে ইসি। আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংকে আরও সহজ ও কার্যকর করার মাধ্যমে ভোটারদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোই কমিশনের লক্ষ্য।

স্থানীয় নির্বাচনে বাড়ছে নিরাপত্তা

আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনিয়ম দ্রুত শনাক্ত করতে ড্রোন প্রযুক্তিও কাজে লাগানো হবে। ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের কাজও চলছে।

নির্বাচন কমিশনার বলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন