রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমে অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে।

রোববার দুপুরে কেন্দ্রটির দুই নম্বর ইউনিট বন্ধ হয়ে যায় বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান।

তিনি বলেন, ইউনিটটি বন্ধ হওয়ার আগে কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। পরে উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।

জহুরুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইউনিটটি বন্ধ করা হয়েছে। ভারত থেকে দুজন প্রকৌশলী আসার পর কাজ শুরু হবে। ইউনিটটি পুনরায় চালু হতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩০০ মেগাওয়াট। তবে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে সর্বোচ্চ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট এবং একটি ইউনিট চালু থাকলে ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। 

আরও পড়ুন