নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:৩০, ৭ সেপ্টেম্বর ২০২৬
সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী-ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই সঙ্গে দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দর্শন বিভাগের শিক্ষার্থী মো. ওয়াসিমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসির হাসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম জানান, গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সহযোগী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী নিজের ফেসবুক প্রোফাইলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি পোস্ট দেন। পরে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এরপর ১২ জুলাই উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. আল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আরও যাচাই করতে নতুন একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তবে শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা হাতে পাননি।
শিক্ষার্থীদের সংঘর্ষে শাস্তি
অন্যদিকে গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে একটি ক্যারিয়ারবিষয়ক অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, অনুষ্ঠান চলাকালে র্যাগিংকে কেন্দ্র করে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে হাতাহাতি হয়। ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে দর্শন বিভাগের শিক্ষার্থীরা হেনস্তা করেছেন—এমন অভিযোগের পর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে দুই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিমের লাঠির আঘাতে ইতিহাস বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাশরাফি মুনওয়ার মাহী আহত হন। এতে তার বাম হাতের হাড় ভেঙে যায় বলে চিকিৎসকেরা জানান।
ঘটনার পর ১১ আগস্ট মাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন।
এই ঘটনায় তদন্ত ও অভিযোগ পর্যালোচনা শেষে দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিমকে স্থায়ীভাবে এবং ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসির হাসানকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
উপ-উপাচার্য অধ্যাপক সফিকুল ইসলাম জানান, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।
ব্রেকিং