হজমের সমস্যা দূর করতে গরম পানি কি সত্যি উপকারী?

সূত্র: হেলথ শট

প্রকাশ: ২৩:৫৩, ২ জানুয়ারি ২০২৬

হজমের সমস্যা দূর করতে গরম পানি কি সত্যি উপকারী?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান দিব্যা গোপালের মতামত নিয়েছে স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম হেলথ শটস। তার মতে, গরম পানি শুধু শরীর হাইড্রেটেডই রাখে না, বরং হজম প্রক্রিয়া সহজ করতে, মানসিক চাপ কমাতে ও শরীরকে আরাম দিতেও সাহায্য করে।

হজমে গরম পানি যেভাবে কাজ করে

১. হজমের এনজাইম সক্রিয় করে
গরম পানি পাকস্থলীতে প্রবেশ করলে হজমের এনজাইমগুলো সক্রিয় হতে সাহায্য করে। এসব এনজাইম খাবার ভেঙে ছোট কণায় পরিণত করে, যাতে শরীর সহজে পুষ্টি শোষণ করতে পারে। ফলে খাবার হজম হয় তুলনামূলক মসৃণভাবে।

২. মানসিক চাপ কমায়
স্ট্রেস বা মানসিক চাপ সরাসরি হজমে প্রভাব ফেলে। পেট ব্যথা, বদহজম কিংবা ডায়রিয়ার পেছনেও অনেক সময় দায়ী থাকে মানসিক চাপ। গরম পানির উষ্ণতা শরীরকে শিথিল করে, স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে, যার ইতিবাচক প্রভাব পড়ে হজমের ওপর।

৩. কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে
হজমে গরম পানির সবচেয়ে পরিচিত উপকারিতা হলো কোষ্ঠকাঠিন্য কমানো। গরম পানি মল নরম করে এবং অন্ত্রের গতি বাড়ায়। নিয়মিত খালি পেটে গরম পানি খেলে অনেকেরই পায়খানা পরিষ্কার হতে সুবিধা হয়।

পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা খুবই অস্বস্তিকর। গরম পানি অন্ত্রের পেশিকে শিথিল করে, আটকে থাকা গ্যাস বের হতে সাহায্য করে। ফলে পেটের অস্বস্তি ধীরে ধীরে কমে। ছবি: সংগৃহীত

পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা খুবই অস্বস্তিকর। গরম পানি অন্ত্রের পেশিকে শিথিল করে, আটকে থাকা গ্যাস বের হতে সাহায্য করে। ফলে পেটের অস্বস্তি ধীরে ধীরে কমে। ছবি: সংগৃহীত

৪. গ্যাস ও পেট ফাঁপা কমায়
পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা খুবই অস্বস্তিকর। গরম পানি অন্ত্রের পেশিকে শিথিল করে, আটকে থাকা গ্যাস বের হতে সাহায্য করে। ফলে পেটের অস্বস্তি ধীরে ধীরে কমে।

৫. শরীরের ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করে
খালি পেটে গরম পানি খেলে শরীরের বর্জ্য বের হওয়ার প্রক্রিয়া সক্রিয় হয়। এতে মলত্যাগ সহজ হয় এবং ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বের হতে সাহায্য করে।

৬. শরীর হাইড্রেটেড রাখে
হজম ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। শরীরে পানির ঘাটতি হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। অনেকের কাছে ঠান্ডা পানির চেয়ে গরম পানি খাওয়া সহজ ও আরামদায়ক লাগে, ফলে সারাদিনে পানির পরিমাণও ঠিক থাকে।

৭. পুষ্টি শোষণ বাড়ায়
খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ শরীরে ঠিকভাবে শোষিত হওয়াও হজমের গুরুত্বপূর্ণ অংশ। গরম পানি এই শোষণ প্রক্রিয়াকে সহজ করে, ফলে হজমসংক্রান্ত সমস্যা কম দেখা যায়।

কখন গরম পানি খাওয়া সবচেয়ে ভালো

বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম পানি খাওয়াই সবচেয়ে উপকারী। এতে বিপাকক্রিয়া সক্রিয় হয়, হজম ভালো থাকে এবং শরীর হাইড্রেটেড হয়। খাবারের আগে গরম পানি খেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে। শীতকালে বা ব্যায়ামের পর গরম পানি শরীরের তাপমাত্রা বজায় রাখতেও সাহায্য করে।

মায়ের বলা গরম পানি খাওয়ার উপদেশ যে শুধু অভ্যাস বা বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার পেছনে রয়েছে বাস্তব বৈজ্ঞানিক কারণ। যদিও গরম পানি একা সব হজম সমস্যার সমাধান নয়, তবে সঠিক খাবার, নিয়মিত জীবনযাপন ও পর্যাপ্ত বিশ্রামের সঙ্গে এটি যুক্ত হলে হজম সুস্থ রাখতে দারুণ সহায়ক হতে পারে। তাই পরের বার পেট ভার লাগলে বা হজমে সমস্যা হলে এক গ্লাস গরম পানিই হতে পারে সহজ ও নিরাপদ সমাধান।

আরও পড়ুন