প্রকৃতির সান্নিধ্যে ২০ মিনিটেই স্বাস্থ্য উপকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩৯, ৩০ জুলাই ২০২৬

প্রকৃতির সান্নিধ্যে ২০ মিনিটেই স্বাস্থ্য উপকার

প্রকৃতির সান্নিধ্যে মাত্র ২০ মিনিট কাটালেই শরীরে পরিমাপযোগ্য ইতিবাচক পরিবর্তন শুরু হতে পারে। ছবি: বিবিসি

পার্কে হাঁটা বা গাছপালার মাঝে কিছুক্ষণ সময় কাটানোর পর যদি নিজেকে অনেক বেশি শান্ত মনে হয়, তবে সেটি শুধু অনুভূতি নয়—এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা।

 গবেষণায় দেখা গেছে, প্রকৃতির সান্নিধ্যে মাত্র ২০ মিনিট কাটালেই শরীর ও মনে ইতিবাচক পরিবর্তন শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির মাঝে সময় কাটালে স্ট্রেস হরমোন কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য উন্নত হয়। এজন্য ঘণ্টার পর ঘণ্টা পাহাড় বা জঙ্গলে থাকার প্রয়োজন নেই। সপ্তাহে কয়েক দিন পার্কে ২০ মিনিট হাঁটা বা খোলা পরিবেশে বসে থাকাও উপকারী হতে পারে।

যেভাবে উপকার করে প্রকৃতি

১. মানসিক চাপ কমায়
সবুজ গাছপালা, পাখির ডাক ও প্রাকৃতিক পরিবেশ শরীরের স্নায়ুতন্ত্রকে শান্ত করে। এতে রক্তচাপ কমে, হৃদস্পন্দন স্বাভাবিক হয় এবং মানসিক চাপ হ্রাস পায়। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, সপ্তাহে অন্তত ১২০ মিনিট প্রকৃতির মাঝে থাকা ব্যক্তিদের শারীরিক ও মানসিক সুস্থতা তুলনামূলক ভালো থাকে।

২. স্ট্রেস হরমোন কমায়      
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ক্যাথি উইলিস জানান, প্রকৃতির সান্নিধ্যে থাকলে শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিন নামের স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায়। একই সঙ্গে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ন্যাচারাল কিলার (NK) কোষ সক্রিয় হয়, যা রোগ প্রতিরোধে সহায়ক।

৩. গাছের ঘ্রাণও উপকারী
গাছপালা ও মাটির প্রাকৃতিক সুগন্ধ শরীরকে দ্রুত শান্ত করতে পারে। বিশেষ করে পাইন গাছের ঘ্রাণ মাত্র ৯০ সেকেন্ডের মধ্যেই মানসিক প্রশান্তি আনতে পারে বলে গবেষণায় দেখা গেছে। এই প্রভাব কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে।

৪. অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়
মাটি ও উদ্ভিদে থাকা উপকারী অণুজীব মানুষের শরীরের মাইক্রোবায়োম সমৃদ্ধ করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির সংস্পর্শ রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং মানসিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বাড়িতেও পাওয়া যেতে পারে কিছু উপকার

সব সময় প্রকৃতির মাঝে যাওয়া সম্ভব না হলেও, ঘরে গাছ রাখা, ফুলের সুগন্ধ ব্যবহার করা বা এমনকি বন-জঙ্গলের ছবি দেখা থেকেও কিছুটা মানসিক প্রশান্তি পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, সবুজ প্রকৃতির ছবি দেখলেও মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তন ঘটে এবং চাপ কমতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন বা সপ্তাহে কয়েক দিন অন্তত ২০ মিনিট প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর অভ্যাস গড়ে তুললে শরীর ও মন—দুটিই সুস্থ রাখতে সহায়তা করতে পারে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন