দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:০৬, ১৬ আগস্ট ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত পাঁচ মাসে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৯ জনে। এর বাইরে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

গত ১৫ মার্চ থেকে হামের পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৩৫৫ জন। এরপর সিলেটে ১৩৩, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৩, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৭, খুলনায় ৩২ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৬৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৪২, রাজশাহীতে ২৮, সিলেটে ১২৯, চট্টগ্রামে ২১৬, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৪২, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৭ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে, দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৮০ জনের শরীরে। 

আরও পড়ুন