ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশ: ২০:১৭, ৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীরা চিকিৎসা নিচ্ছেন। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ২০২৬ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭৫ জনে।

এদিকে গত এক দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪১৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪২ হাজার ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে প্রথম সাত দিনে ৩৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা। এ বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৭৭, খুলনায় ২৪২, বরিশালে ১৪২, রাজশাহীতে ১১৬ এবং ময়মনসিংহে ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আরও পড়ুন