নিউজ ডেস্ক
প্রকাশ: ২১:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।-ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর আলোচনার মধ্যে ঢাকার ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক আদেশে তাকে থানা থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। আদেশে ওসি রাকিবুলকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে ওসি পরিচয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়।
অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।”
এ ছাড়া তিনি দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।
তবে ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া অডিওটি তারই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
ব্রেকিং