আমার ব্যক্তিগত জীবননিয়ে মানুষের এতআগ্রহ কেন?বিসিবি সভাপতির প্রশ্ন

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:০৪, ২৬ জানুয়ারি ২০২৬

আমার ব্যক্তিগত জীবননিয়ে মানুষের এতআগ্রহ কেন?বিসিবি সভাপতির প্রশ্ন

ছবি: সংগ্রহীত


সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার রাত থেকে ছড়িয়ে পড়ে খবর—বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন।

গুঞ্জন এতটাই ছড়ায় যে সোমবার সকাল পর্যন্ত বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলতে থাকে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকালেই তাকে দেখা যায় বিসিবির কার্যালয়ে।

দেশ ছাড়ার খবর নিয়ে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন বুলবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার অবস্থান জানানো আদৌ জরুরি কি না—সেটাই প্রশ্ন। তিনি উল্লেখ করেন, বিসিবিতে কাজ করার বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের এত আগ্রহ কেন, তা তার বোধগম্য নয়।

বিসিবির মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের প্রশ্নের মুখে পড়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি—দেখে কি মনে হচ্ছে, তিনি দেশের বাইরে আছেন?

বাংলাদেশ ক্রিকেট বর্তমানে এক অস্থির সময় পার করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারা, এক পরিচালকের পদত্যাগ এবং আরেক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ—সব মিলিয়ে পরিস্থিতি বেশ টালমাটাল। এই প্রেক্ষাপটে বুলবুল দেশ ছেড়ে চলে গেছেন বা জাতীয় নির্বাচনের আগে ফিরবেন না—এমন গুঞ্জনই মূলত খবরটিকে নতুন মাত্রা দেয়।

উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুলের পরিবার দীর্ঘদিন ধরে মেলবোর্নে বসবাস করছে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিকবার সেখানে গেছেন এবং অনলাইনেও দাপ্তরিক কাজ সেরেছেন। ফলে ব্যক্তিগত সফর নিয়ে প্রশ্ন ওঠার কথা না থাকলেও সংকটকালীন সময়ে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন