নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:১৩, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:১৫, ২২ জানুয়ারি ২০২৬
ছবি: সংগ্রহীত
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে সরে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থানকে কেন্দ্র করে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
জার্মানির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্যরা দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) আহ্বান জানাচ্ছেন। জার্মান সরকারও এ বিষয়ে তাদের সঙ্গে একমত বলে জানা গেছে।
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই সিদ্ধান্ত কার্যকর হলে পালটা পদক্ষেপ হিসেবে বিশ্বকাপ বর্জনের পথে যেতে পারে জার্মানি।
২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো হলেও অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ভবিষ্যতে ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের পথে হাঁটেন, তাহলে ইউরোপের আরও কয়েকটি দেশও বিশ্বকাপ বয়কট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে আপাতত জার্মানি প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্বকাপে অংশগ্রহণ বা বয়কটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিএফবি। এদিকে বয়কটের পক্ষে জনমত গড়ে তুলতে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন দেশটির রাজনীতিকরা।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ নাগরিক ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছেন। বিপরীতে, বিশ্বকাপে অংশ নেওয়ার পক্ষে রয়েছেন ৩৫ শতাংশ মানুষ।
সূত্র: ডিএফবি
ব্রেকিং