ক্যামেরার সামনে কথা বলায় ক্রিকেটারদের হত্যার হুমকি

নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:৫২, ১৬ জানুয়ারি ২০২৬

ক্যামেরার সামনে কথা বলায় ক্রিকেটারদের হত্যার হুমকি

ছবি: সংগ্রহীত

বিপিএল ঘিরে সাম্প্রতিক বিতর্কের রেশ কাটতে না কাটতেই গুরুতর নিরাপত্তা উদ্বেগের কথা জানালেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনসহ একাধিক ক্রিকেটার অচেনা নম্বর থেকে নিয়মিত হুমকি, ভয়ভীতি ও গালিগালাজের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কারও ক্ষেত্রে রাস্তাঘাটে হেনস্তা করার ভয় দেখানো হচ্ছে, এমনকি গুলি করে হত্যার হুমকির কথাও জানানো হয়েছে।

বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বর্জন করেন খেলোয়াড়রা। নির্ধারিত চার দলের কেউই সেদিন মাঠে নামেননি। পরে রাতে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সংকটের সমাধান হয় এবং শুক্রবার থেকে বিপিএল পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়।

এরপর সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন জানান, হুমকির বিষয়টি কেবল তার একার নয়। ক্যামেরার সামনে যেসব ক্রিকেটার এসেছেন, তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে হুমকি পেয়েছেন বলে দাবি করেন তিনি।

মিঠুন বলেন, ক্রিকেটারদের সম্মানহানির প্রতিবাদ জানাতেই তারা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তার ভাষায়, তাদের বক্তব্য ছিল শুধুই ক্রিকেট ও পেশাগত মর্যাদা ঘিরে। দেশের বিরুদ্ধে বা দেশবিরোধী কোনো মন্তব্য তারা করেননি বলেও জোর দিয়ে জানান তিনি। অথচ বিভিন্ন মহল থেকে তাদের দেশদ্রোহী কিংবা দেশের শত্রু হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন কোয়াব সভাপতি।

এ বিষয়ে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানান, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি বলেন, যেসব ক্রিকেটার হুমকি পেয়েছেন, তারা যদি সংশ্লিষ্ট ফোন নম্বরগুলো বোর্ডকে দেন, তাহলে বিসিবির নিরাপত্তা বিভাগ তা খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন