নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:৪৪, ১৬ জানুয়ারি ২০২৬
ছবি: সংগ্রহীত
সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। শর্ত পূরণ সাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকেই ক্রিকেটে ফেরার আগ্রহের কথা জানিয়েছে সংগঠনটি।
আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও কোয়াবের ঘোষিত ‘সব ধরনের ক্রিকেট বয়কট’ কর্মসূচির কারণে খেলোয়াড়রা মাঠে নামেননি। এতে আজকের বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হয়। তবে দিন শেষে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর কোয়াব তাদের অবস্থান পুনর্বিবেচনার কথা জানায়।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, নারী বিশ্বকাপ বাছাই পর্ব, চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং বিপিএলের গুরুত্ব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কোয়াব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ক্রিকেট বন্ধ থাকলে এসব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও ঘরোয়া আসরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তাই তারা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে কোয়াব স্বাগত জানায়। কারণ দর্শানোর নোটিশ এবং পরিচালক পদ নিয়ে বিসিবির প্রক্রিয়াগত সময় চাওয়ার বিষয়েও তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তবে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা করেছে সংগঠনটি।
এছাড়া, পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে করা মন্তব্যকে অপমানজনক উল্লেখ করে কোয়াব জানিয়েছে, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন—এমন প্রত্যাশা তাদের রয়েছে। বিসিবিকে এ অবস্থান জানিয়ে কোয়াব বলেছে, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তার পরিচালক পদ সংক্রান্ত প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবার থেকেই তারা খেলায় ফিরতে প্রস্তুত।
ব্রেকিং