৪০ রানের লক্ষ্যে ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভাঙল পিটিভি

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:৩২, ১৭ জানুয়ারি ২০২৬

৪০ রানের লক্ষ্যে ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভাঙল পিটিভি

ছবি: সংগ্রহীত

মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েও জয়—প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা আগে দেখা যায়নি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট ট্রফিতে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)।

শনিবার করাচিতে অনুষ্ঠিত ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডকে (এসএনজিপিএল) ১৯.৪ ওভারে মাত্র ৩৭ রানে গুঁড়িয়ে দিয়ে ২ রানের নাটকীয় জয় পায় পিটিভি। এর মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের ২৩২ বছর পুরোনো রেকর্ড ভেঙে যায়।

এর আগে ১৭৯৪ সালে এমসিসিকে ৪১ রানের লক্ষ্য দিয়ে ওল্ডফিল্ড ৬ রানে জয় পেয়েছিল, যা এতদিন সর্বনিম্ন লক্ষ্য রক্ষার রেকর্ড ছিল।

ম্যাচের তৃতীয় দিনের সকালে শেহজাদ গুল ও সাজিদ খানের দারুণ বোলিংয়ে পিটিভির ইনিংসে ধস নামে। মাত্র ১২ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় তারা। এতে এসএনজিপিএলের সামনে দাঁড়ায় ৪০ রানের লক্ষ্য।

প্রথম ইনিংসে পিটিভিকে ১৬৬ রানে অলআউট করে এগিয়ে ছিল এসএনজিপিএল। পরে একপর্যায়ে ১২৯ রানে ৭ উইকেট হারালেও সাইফুল্লাহ বাঙ্গাসের ৭১ রানের ইনিংসে ২৩৮ রান তোলে দলটি।

৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পিটিভি খুব একটা সুবিধা করতে পারেনি। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৯৯ রান করে তারা, লিড ছিল মাত্র ২৭ রানের।

তৃতীয় দিনের সকালে দ্রুত গুটিয়ে যাওয়ার পর এসএনজিপিএল সহজ লক্ষ্য তাড়ায় নামে। কিন্তু কায়েদ-ই-আজম ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারী আলি উসমান ও আমাদ বাটের ভয়ংকর বোলিংয়ে তাদের ব্যাটিং ভেঙে পড়ে।

এসএনজিপিএলের হয়ে কেবল সাইফুল্লাহই দুই অঙ্কে পৌঁছান, তাঁর ব্যাট থেকে আসে ১৪ রান। বাঁহাতি স্পিনার আলি উসমান ৯.৪ ওভারে ৯ রান দিয়ে নেন ৬ উইকেট, আর আমাদ বাট ১০ ওভারে ২৮ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট।

এর মধ্য দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম লক্ষ্য রক্ষার নতুন ইতিহাস গড়ে পিটিভি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন