নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৪৮, ১৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৫১, ১৫ জানুয়ারি ২০২৬
বিসিবি পরিচালক নাজমুল ইসলাম | ছবি: সংগৃহীত
ক্রিকেটারদের তীব্র চাপ ও আন্দোলনের মুখে বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন বোর্ড পরিচালক নাজমুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত বিসিবির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে নাজমুল ইসলাম নিজে পদত্যাগ না করলে তাকে বিসিবি পরিচালক পদ থেকে সরানোর সুযোগ নেই। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাভঙ্গজনিত শাস্তি, দেউলিয়াত্ব, টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিতি অথবা স্বেচ্ছায় পদত্যাগ ছাড়া কোনো পরিচালক পদ শূন্য ঘোষণা করা যায় না।
এর আগে ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালকের এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বয়কটের প্রভাব পড়ে বিপিএলেও। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচ মাঠে গড়ায়নি। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচও অনিশ্চয়তায় পড়ে। নির্ধারিত সময়ে ফ্র্যাঞ্চাইজিগুলো মাঠে না এলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা দেয় বিসিবি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি এবং ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। বিসিবি জানায়, নাজমুল ইসলামের বক্তব্যের সঙ্গে বোর্ড একমত নয়।
ম্যাচ স্থগিত হওয়ায় স্টেডিয়ামের বাইরে ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রেকিং