নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৬, ২১ জানুয়ারি ২০২৬
সংগৃহিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাম্প্রতিক সময়ে ক্রিকেট কূটনীতিতে সফল হওয়ার জন্য নানা চেষ্টা চালান। গত কয়েক দিন ধরে তিনি বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ কাঙ্ক্ষিত ফল বয়ে আনেনি। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পক্ষে পর্যাপ্ত সমর্থন জোগাড় করা সম্ভব হয়নি।
আজ সন্ধ্যায় অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বাংলাদেশ-সংক্রান্ত একটি প্রস্তাবে ভোটাভুটি হয়। সেখানে বাংলাদেশ মাত্র দুইটি ভোট পায়, বিপরীতে পড়ে ১২টি ভোট। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মোট ১২টি পূর্ণ সদস্য ও চারটি সহযোগী দেশের অংশগ্রহণে এই ভোট অনুষ্ঠিত হয়। জানা গেছে, বাংলাদেশকে সমর্থন দিয়েছে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভোটাভুটির পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতের মাটিতেই আয়োজন করা হবে। এর আগে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল। এ বিষয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিসি বোর্ড জানিয়ে দেয়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন বাস্তবসম্মত নয়।
বিসিবি সূত্র আরও জানায়, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে এক দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি বাংলাদেশ দল ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এখন ২৪ ঘণ্টার মধ্যেই বিসিবির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।
ব্রেকিং