নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগ্রহীত
দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা অধিদপ্তর জানায়, কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান রমেশ চন্দ্র সেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠে রমেশ চন্দ্র সেন স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজ সম্পন্ন করেন এবং নাশতাও গ্রহণ করেন। এরপর তিনি ওয়ার্ডের বাথরুমে যান। গোসলের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতা বালাশ্বরী সেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্রেকিং