শিবালয়ে বাস থেকে চাঁদা, যুবদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

শিবালয়ে বাস থেকে চাঁদা, যুবদল নেতা গ্রেপ্তার

ছবি: সংগ্রহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র মানব জানান, আটক সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভ (৪৫) উথুলী ইউনিয়নের বেলতা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, সেলফি পরিবহনের কর্মচারী মিজানুর রহমান এ ঘটনায় সুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপক মো. সবুর খান অভিযোগ করেন, ঢাকা-আরিচা মহাসড়কে তাদের প্রায় দেড় শতাধিক বাস চলাচল করে। অনুরোধ সত্ত্বেও কোম্পানির নিয়োজিত লাইনম্যানের সঙ্গে দুর্ব্যবহার করেন সুব্রত। পাশাপাশি প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হয় বলেও দাবি করেন তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি তিনি পুলিশের কাছ থেকে জেনেছেন। সুব্রত তার কমিটির যুগ্ম আহ্বায়ক বলে নিশ্চিত করে তিনি জানান, জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে তদন্তের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শিবালয় থানার ওসি মনির হোসেন জানান, বুধবার সকালে সুব্রত বিশ্বাসকে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন