৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র শবে বরাত

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:১৯, ২৯ জানুয়ারি ২০২৬

৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র শবে বরাত

ছবি: সংগ্রহীত


দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি থাকবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সভায় জানানো হয়, দেশের কোথাও শাবান মাসের চাঁদের দেখা মেলেনি। ফলে মঙ্গলবার রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে ১৪৪৭ হিজরি সনের শাবান মাস গণনা শুরু হবে।

চাঁদ দেখা সংক্রান্ত এই সিদ্ধান্ত গ্রহণে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের তথ্য পর্যালোচনা করা হয়।

উল্লেখ্য, শাবান মাসের ১৫তম রাত অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতে লাইলাতুল বরাত বা পবিত্র শবে বরাত পালিত হয়। এ রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।

আরও পড়ুন