আজ পবিত্র শবে বরাত, কাল সরকারি ছুটি

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৯:০৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আজ পবিত্র শবে বরাত, কাল সরকারি ছুটি

ছবি: সংগ্রহীত

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানদের কাছে শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। এ রাতকে ‘লাইলাতুল বরাত’ নামেও অভিহিত করা হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র শবে বরাত মহান আল্লাহর রহমত ও মাগফেরাত লাভের এক অনন্য সুযোগ। তিনি দেশ ও জাতির কল্যাণে দোয়া করার পাশাপাশি মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে সঠিক পথে ফিরে আসার মাধ্যমে আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ ও বরকত লাভ করা যায়।

পবিত্র শবে বরাত উপলক্ষে মসজিদে মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ঘরে ঘরেও মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে লাইলাতুল বরাতের কর্মসূচি শুরু হবে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী লাইলাতুল বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে ওয়াজ করবেন। রাত ৮টা ৩০ মিনিটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

ব্যক্তিগত নফল ইবাদত ও জিকিরের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

এ ছাড়া পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিগুলোতে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত, মাগফেরাত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে সময় কাটাবেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করবেন।

আরও পড়ুন