নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:০১, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০০:০১, ৩১ জানুয়ারি ২০২৬
জুবাইদা ইসলাম ইতি - ছবি: সংগ্রহীত
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এলাকার একটি আবাসিক বাসা থেকে মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাবির সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত। ইতি ওই বাসায় তাঁর মায়ের সঙ্গে বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ক্যাম্পাসসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ নির্ধারণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ বা বিষণ্নতা থেকে এমন ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্রেকিং