নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:৩৭, ১৫ জানুয়ারি ২০২৬
ছবি সংগ্রহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে কর্মসূচি শুরু হয়। এ সময় আন্দোলনকারীরা নিয়োগে বৈষম্য ও দলীয়করণের অভিযোগ তুলে নানা স্লোগান দেন।
দুপুর ১টার দিকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন প্রশাসনিক ভবনে প্রবেশের চেষ্টা করলে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীদের কারণে প্রধান ফটক দিয়ে ঢুকতে পারেননি। পরে তিনি বিকল্প ফটক ব্যবহার করে ভবনে প্রবেশ করেন।
এ বিষয়ে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, প্রশাসনিক কাজে ভবনে ঢোকার চেষ্টা করেছিলেন, তবে বাধার মুখে পড়ে অন্য গেট দিয়ে প্রবেশ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান অভিযোগ করে বলেন, গত দেড় বছরে নিয়োগকে কেন্দ্র করে দলীয় ও এলাকাভিত্তিক প্রভাব বিস্তার করা হয়েছে। তাঁর দাবি, সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে এবং ভিসি, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারকে পদত্যাগ করতে হবে।
সংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, একটি নিয়োগে আরও যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও প্রভাব খাটানো হয়েছে—এমন ধারণা তাদের রয়েছে। নিয়োগের প্রক্রিয়া জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।
যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর উদ্যোগ নিচ্ছে না; বরং নিয়োগ নিয়েই বেশি ব্যস্ত। তাঁর মতে, এই পরিস্থিতিতে প্রশাসনের পদত্যাগই একমাত্র সমাধান।
ব্রেকিং