নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮:৪০, ২৬ জানুয়ারি ২০২৬
ছবি: সংগ্রহীত
ডাকসুকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে মন্তব্য করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেছেন একদল শিক্ষার্থী।
বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসানের বক্তব্যের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হয়।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখানে শামীম আহসানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে ডাকসুর সদস্য হেমা চাকমা বলেন, একটি রাজনৈতিক দলের নেতা কীভাবে প্রকাশ্যে ডাকসু ও শিক্ষার্থীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন—তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ২০২৬ সালে দাঁড়িয়ে নারীরা নিজেদের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিয়ে সচেতন। প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য অবমাননাকর। তিনি সংশ্লিষ্ট নেতার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
সলিমুল্লাহ মুসলিম হল সংসদের জিএস সাদমান আব্দুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও মুক্তিযুদ্ধসহ নানা গৌরবময় অধ্যায়ে সমৃদ্ধ। এ বিশ্ববিদ্যালয়কে ঘিরে কোনো অশালীন মন্তব্য শিক্ষার্থীরা মেনে নেবে না। তিনি জানান, ডাকসুর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসায় প্রতিটি হল সংসদকে প্রতিবাদী বিবৃতি দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে শনিবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় শামীম আহসান ডাকসুকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। বক্তব্যে তিনি দাবি করেন, ডাকসু নির্বাচনের পর ইসলামী ছাত্রশিবির পরিস্থিতি বদলাতে সক্ষম হয়েছে এবং দেশ থেকে অন্যায়, চাঁদাবাজি ও দুর্নীতি দূর করতে জামায়াতে ইসলামী সক্ষম।
ব্রেকিং