আন্তর্জাতিক
প্রকাশ: ০১:৪১, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৪৩, ৭ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৩১ শতাংশই ভারতীয় - ছবি/ইন্ডিয়ান এক্সপ্রেস(এআই দিয়ে তৈরি ছবি)
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসার সংখ্যা ৬২ শতাংশ কমেছে। নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
একই প্রতিবেদনে বিদেশি শিক্ষার্থীদের জন্য চালু থাকা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (OPT) কর্মসূচি বাতিলেরও সুপারিশ করা হয়েছে, যা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজ করতে আগ্রহী হাজারো ভারতীয় শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ভারতীয় নাগরিকদের জন্য ২২ হাজার ১৪৯টি শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৫৮ হাজার ৬৯৪টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভিসা ইস্যু ৬২ শতাংশ কমেছে।
অন্যদিকে, একই সময়ে চীনা শিক্ষার্থীদের জন্য ইস্যু করা ভিসার সংখ্যাও কমেছে, তবে তা তুলনামূলকভাবে কম। ২০২৪ সালের ৬১ হাজার ৭৫টি থেকে ২০২৫ সালে তা নেমে এসেছে ৪০ হাজার ৩৪টিতে, যা প্রায় ৩৪ শতাংশ হ্রাস।
প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ (CIS)। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে এফ-১ শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের ওপর এর প্রভাব পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য চালু থাকা OPT কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রায় ৪৯ শতাংশই ভারতীয়। এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে নিজ বিষয়ে যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে কাজ করার সুযোগ পান।
তবে সিআইএসের দাবি, এই কর্মসূচি মার্কিন শিক্ষার্থী ও কর্মীদের কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সংস্থাটি OPT কর্মসূচি বাতিল অথবা অন্তত বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ কমানোর সুপারিশ করেছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ ও স্নাতক শেষে চাকরির পরিকল্পনা করা ভারতীয় শিক্ষার্থীদের জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ব্রেকিং