নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৪২, ৬ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘একটি গোষ্ঠীকে’ প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেল।
মঙ্গলবার ভোটের শেষ সময়ে বেলা পৌনে ৩টার দিকে ভাষা শহীদ রফিক ভবনের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে এ প্যানেলের জিএস পদপ্রার্থী ও ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ সেই ‘গোষ্ঠীর’ বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।
সেই গোষ্ঠীর নাম না নিলেও তিনি যে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ানের’ দিকে ইংগিত করছেন, তার তার অভিযোগগুলো থেকেই স্পষ্ট।
সংবাদ সম্মেলনে আরিফ বলেন, “আমরা শুরুতে দেখেছিলাম নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন নিয়ে যথেষ্ঠ আন্তরিকতা পোষণ করেছিল। কিন্তু তাদের এই আন্তরিকতার পেছনে আমরা গাফিলতি লক্ষ্য করেছি। একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য একাধিকবার নির্বাচন পেছানো হয়েছে। আজকেও শুরু থেকে ওই গোষ্ঠী প্রাধান্য পাচ্ছে।
“আমাদের কোনো ধরনের চিরকুট কিংবা প্রচারপত্র কেন্দ্রে ঢুকতে দেয়নি। কিন্তু একটা বিশেষ দলের বই আকারে ছাপানো কাগজকে ঢুকতে দিয়েছে। তারা একপাশে ‘আইডিকার্ড’ লিখেছে, অপরপাশে প্রার্থীদের প্যানেলের সবার ব্যালট নম্বর দিয়ে দিয়েছে।”
শিবির প্যানেলের জিএস প্রার্থী বলেন, “আইন বিভাগের শিক্ষার্থী মহিমা আপু, যিনি আমাদের শিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ভাইয়ের (রিয়াজুল ইসলাম) স্ত্রী, তাকে জামায়াত নেত্রী বলে ট্যাগিং দিয়ে হেনস্থা করা হয়েছে। একজন হেনস্তার শিকার ছাত্রীকে আবার কেন পুলিশ ভ্যানে উঠানো হল?”
আরিফ বলেন, “আমরা এর আগেও দেখেছি, ছাত্রদল সমর্থিত সদস্য সচিব ছাত্রীসংস্থা ও ঢাবির ভিসিকে কেন্দ্র করে কতটা কুরিচিপূর্ণ মন্তব্য করেছে। আজ ফলাফলের মাধ্যমে তার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ।”
এর আগে এক এজেন্টের হাতে ‘প্যানেল পরিচিতি’ পাওয়া গেছে বলে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের বিরুদ্ধে অভিযোগ তোলে জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ইউটিএল।
তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা দিয়ে উনি কি বোঝাতে চেয়েছে আমি জানি না। তবে এটা অস্বাভাবিক কিছু না। আমরা প্রক্টরিয়াল বডির অনুমতি আগেই নিয়েছি। এটা তো আর ভোট কারচুপি না কিংবা ব্যালট না।”
প্রশাসন ছাত্রদল প্যানেলের পক্ষে কাজ করছে বলে যে অভিযোগ শিবির প্যানেল করেছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
ব্রেকিং