মোবাইল ফোনে কি বাড়ে ব্রেন ক্যানসারের ঝুঁকি? জানাচ্ছে গবেষণা

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:৪৭, ২৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৪৮, ২৬ জানুয়ারি ২০২৬

মোবাইল ফোনে কি বাড়ে ব্রেন ক্যানসারের ঝুঁকি? জানাচ্ছে গবেষণা

ছবি: সংগ্রহীত

মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ, কাজকর্ম ও বিনোদনে এই ডিভাইসের ব্যবহার যত বাড়ছে, ততই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে— অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার কি ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে সেই গবেষণার ফলাফল, যা এ বিষয়ে আশঙ্কা অনেকটাই কমাতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত পর্যালোচনায় বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যানসারের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এমনকি দীর্ঘ সময় বা টানা ১০ বছর মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যেও ক্যানসারের ঝুঁকি বাড়ার মতো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত কয়েক দশকে মোবাইল ফোন ও বেতার প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু সে অনুপাতে ব্রেন ক্যানসারের হার বৃদ্ধি পায়নি। অনেক ক্ষেত্রে এই হার স্থিতিশীলই রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে মোবাইল ফোন থেকে নির্গত রেডিও-ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে চিহ্নিত করেছিল ডব্লিউএইচওর অধীন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি)। বিষয়টি নিয়ে তখন থেকেই জনমনে উদ্বেগ তৈরি হয়।

নতুন এই গবেষণার নেতৃত্ব দেয় অস্ট্রেলিয়ান রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি এজেন্সি। পাঁচ হাজারের বেশি কেস বিশ্লেষণ করে সংস্থাটির প্রধান গবেষক কেন ক্যারিপিডিস জানান, মোবাইল ফোন ব্যবহারের ফলে মস্তিষ্ক কিংবা মাথা ও ঘাড়ের ক্যানসারের ঝুঁকি বাড়ে— এমন কোনো প্রমাণ তাদের পর্যালোচনায় পাওয়া যায়নি।

বিজ্ঞানীরা মনে করছেন, এই গবেষণা মোবাইল ফোন ও বেতার প্রযুক্তি নিয়ে দীর্ঘদিনের ভয় ও বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে। তবে তারা এটিও বলছেন, সুস্থ জীবনযাপনের জন্য অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো এবং চোখ ও মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন