হাসিনা থাকলে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকত: ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:৫৬, ২৬ জানুয়ারি ২০২৬

হাসিনা থাকলে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকত: ফখরুল

ছবি: সংগ্রহীত

 

নৌকা প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে কড়া মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষ ছিল, এবার নৌকা নেই।

নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন এবং দিল্লিতে অবস্থান করছেন। আমাদের সবাইকে বিপদের মধ্যে ফেলে তিনি চলে গেছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকত বলেও মন্তব্য করেন ফখরুল।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সাল বাংলাদেশের ইতিহাস ও অস্তিত্বের ভিত্তি। পাকিস্তানের শোষণ ও নির্যাতনের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। অথচ যারা স্বাধীনতার শেষ সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী ছিল, তারাই আজ আবার দেশ শাসনের জন্য ভোট চাইছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, তাদের ভোট দিয়ে দেশের ক্ষতি করবেন না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, হিন্দু ভাই-বোনদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে—তারা সংখ্যালঘু এবং নির্যাতনের শিকার হতে পারেন। তবে বিএনপির অবস্থান স্পষ্ট, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, সবাই এ দেশের সমান নাগরিক। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় পাশে থাকবে। বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় দলটি আপসহীন থাকবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব।

আরও পড়ুন