নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪:৫৪, ২০ আগস্ট ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে।
আবেদনে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা রিজওয়ানা হাসান, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন, আব্দুল হান্নান মাসউদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্থা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব ও সালেহ উদ্দিন সিফাতকেও আসামি করার আবেদন জানানো হয়েছে।
আবেদনে প্রবাসী ইনফ্লুয়েন্সার পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, তাহরীমা জান্নাত (সুরভী), বুলডোজার সরবরাহকারী মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদের নামও রয়েছে।
এর পাশাপাশি আরও ৩০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পূর্তির দিন ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনটির বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
ব্রেকিং