কৃষক-মৎস্যজীবীসহ ১০ হাজার বাংলাদেশি নেবে ওমান

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:১২, ৯ সেপ্টেম্বর ২০২৬

কৃষক-মৎস্যজীবীসহ ১০ হাজার বাংলাদেশি নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের আলোচনা হয়েছে। আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী পাঠানোর প্রক্রিয়ার বিস্তারিত চূড়ান্ত করা হবে।

ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার বিষয়েও কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশ সরকার দক্ষ কর্মীদের বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে এবং ওমানেও বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দুই দেশ কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন। 

আরও পড়ুন