নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:৪৭, ২৭ জানুয়ারি ২০২৬
হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ -ছবি: সংগ্রহীত
হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান অবস্থাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শিল্পখাতে মন্দার কারণে ইতিমধ্যে প্রায় ১৪ লাখ মানুষ চাকরি হারিয়েছে এবং তারা বেকার।
শনিবার (২৯ নভেম্বর) সকালে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, প্রতি বছর দেশে অন্তত ৩০ লাখ মানুষ নতুনভাবে শ্রমবাজারে প্রবেশ করে। কিন্তু শিল্পখাতে নতুন কর্মসংস্থান না থাকায় তাদের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে না, ফলে বেকারত্ব দ্রুত বাড়ছে।
এ কে আজাদ আরও জানান, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ। তবে চলতি অর্থবছরে এটি কমে ৩.৯৭ শতাংশে নেমে আসতে পারে। তিনি বলেন, প্রবৃদ্ধির এই নিম্নগতি অর্থনীতির ভেতরে বাড়তে থাকা চাপের প্রতিফলন।
তিনি ব্যাংকিং খাতের পরিস্থিতিও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। বর্তমানে দেশে খেলাপি বা শ্রেণীকৃত ঋণের হার ২৪ শতাংশে পৌঁছেছে, যদিও বাস্তবে এটি আরও বেশি হতে পারে। বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ সীমিত হওয়ায় শিল্পখাত আরও দুরবস্থা সম্মুখীন হচ্ছে।
এ কে আজাদ বলেন, “আমরা মাত্র ৬ শতাংশ হারে ঋণ পাচ্ছি, যা শিল্পখাতের জন্য যথেষ্ট নয়।” তিনি উল্লেখ করেন, দেশে শিল্পায়নের গতি মারাত্মকভাবে কমেছে। ব্যবসা ও বাণিজ্যের প্রয়োজনেও নতুন শিল্প গড়ে উঠছে না। গত বছর দেশে ক্যাপিটাল মেশিনারি আমদানি কমেছিল, আর চলতি বছর তা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কমেছে, যা শিল্পখাতের দুরবস্থার প্রমাণ।
ব্রেকিং