আন্তর্জাতিক
প্রকাশ: ০১:২৮, ৭ আগস্ট ২০২৬
ইলন মাস্কের স্পেসএক্স চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে পাবলিক কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।ছবি/বিবিসি
ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রথম আয় প্রতিবেদন প্রকাশের পর কোম্পানিটির শেয়ারদর প্রায় ৯ শতাংশ কমেছে। প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্পেসএক্সের আয় প্রায় দ্বিগুণ হয়ে ৭.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও একই সময়ে ব্যয় বেড়ে ১৮.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই অতিরিক্ত ব্যয়ের বড় অংশই এআই অবকাঠামো ও ডেটা সেন্টার নির্মাণে ব্যয় করা হচ্ছে।
এদিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১৪৩ মিলিয়ন ডলার। তবে ইলন মাস্ক জানান, স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে এবং দ্বিতীয় প্রান্তিকে ১.৬ বিলিয়ন ডলার আয় করেছে। ভবিষ্যতে স্টারলিংকের প্রবৃদ্ধি আরও দ্রুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মাস্কের দাবি, আগামী বছর এআই-সংশ্লিষ্ট কম্পিউটিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এবং ২০৩০ সালের মধ্যেই স্পেসএক্সের বার্ষিক আয় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
তবে বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল ব্যয় এবং লোকসানের কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। যদিও দীর্ঘমেয়াদে এআই ও স্টারলিংককে স্পেসএক্সের ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি
ব্রেকিং