ইভি বাজারে রাজত্ব হারাল টেসলা, শীর্ষে চীনের বিওয়াইডি

সূত্র : বিবিসি

প্রকাশ: ১৬:১৫, ৪ জানুয়ারি ২০২৬

ইভি বাজারে রাজত্ব হারাল টেসলা, শীর্ষে চীনের বিওয়াইডি

বিদ্যুচ্চালিত গাড়ির মার্কিন নির্মাতা কোম্পানি টেসলাকে টপকে বিশ্বের শীর্ষ ইভি বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনের বহুজাতিক কোম্পানি বিওয়াইডি।
২০২৫ সালের বার্ষিক বিক্রির পরিসংখ্যানে প্রথমবারের মতো মার্কিন প্রতিদ্বন্দ্বী ইলন মাস্কের টেসলাকে ছাড়িয়ে গেল এই চীনা কোম্পানিটি।

বৃহস্পতিবার বিওয়াইডি বলেছে, গত এক বছরে সাড়ে ২২ লাখেরও বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি। এই বিক্রির সংখ‍্যা আগের বছরের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেড়েছে।

বিবিসি লিখেছে, শুক্রবার নিজেদের ২০২৫ সালের মোট বিক্রির হিসাব প্রকাশ করবে টেসলা।

গত সপ্তাহে তাদের বিনিয়োগকারী ওয়েবসাইটে বিশ্লেষকদের কিছু প্রাক্কলন প্রকাশ করেছে কোম্পানিটি। সেই তথ্য অনুসারে, পুরো বছরে টেসলা প্রায় ১৬ লাখ ৪০ হাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রি করেছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন কোম্পানিটি গত এক বছরে বেশ কঠিন সময় পার করেছে। এর পেছনে নতুন পণ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অস্বস্তি এবং চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টেসলার তীব্র প্রতিযোগিতা- এই তিনটি প্রধান কারণ রয়েছে।

পশ্চিমা দেশগুলোর জনপ্রিয় সব ব্র্যান্ডের চেয়ে অনেক কম দামে উন্নতমানের ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে ‘গিলি’, ‘এমজি’ ও বর্তমানে দেশটির সবচেয়ে বড় ইভি নির্মাতা বিওয়াইডির মতো বিভিন্ন চীনা কোম্পানি। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে টেসলা।

এ পরিস্থিতির ঠেকাতে ২০২৫ সালের অক্টোবরে নিজেদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ‘মডেল ৩’ ও ‘মডেল ওয়াই’ নামের দুটি মডেলের আরও সাশ্রয়ী সংস্করণও বাজারে এনেছিল টেসলা।

আগামী এক দশকে টেসলার বিক্রি ও শেয়ার বাজারের দাম ব্যাপকহারে বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মাস্ককে। রেকর্ড অংকের ‘পে প্যাকেজ’ বা বেতন কাঠামো নিশ্চিতের লক্ষ্যেই তাকে এই দায়িত্ব দিয়েছে টেসলা বোর্ড।

২০২৫ সালের নভেম্বরে এ চুক্তিটি অনুমোদন করেছেন টেসলার বিনিয়োগকারীরা। শর্তগুলো পূরণ করতে পারলে প্রায় ১ ট্রিলিয়ন ডলার নগদ বা সমমূল‍্যের শেয়ার পেতে পারেন মার্কিন এই ধনকুবের।

শর্তের মধ্যে রয়েছে আগামী ১০ বছরে ১০ লাখ হিউম্যানয়েড রোবট বিক্রি করতে হবে মাস্ককে। এরইমধ্যে নিজেদের ‘অপটিমাস’ রোবট ও স্বয়ংক্রিয়ভাবে চালিত ‘রোবোট্যাক্সি’ তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে টেসলা।

ইভি কোম্পানিটি ছাড়াও বিলিয়নেয়ারের মাস্কের ব্যবসার তালিকায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, রকেট নির্মাতা কোম্পানি স্পেসএক্স, সুড়ঙ্গ তৈরি প্রতিষ্ঠান ‘বোরিং কোম্পানি’, এআই স্টার্টআপ ‘এক্সএআই’ ও মস্তিষ্কে ব্রেইন চিপ বসানোর কোম্পানি ‘নিউরালিংক’।

সাম্প্রতিক বছরগুলোতে বিওয়াইডির অভাবনীয় সাফল্য থাকলেও ২০২৫ সালে তাদের বিক্রির প্রবৃদ্ধির গতি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ধীর হয়েছে। তাদের প্রধান বাজার চীনে তীব্র প্রতিযোগিতার কারণেই এই পরিস্থিতির মুখে পড়েছে কোম্পানিটি।

এরপরও বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির প্রভাবশালী শক্তি হিসেবে টিকে আছে বিওয়াইডি। এর প্রধান কারণ তাদের গাড়ির দাম বেশিরভাগ সময়ই প্রতিদ্বন্দ্বী অন্যান্য কোম্পানির তুলনায় কম থাকে।

 

আরও পড়ুন