শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

নিউজ ডেস্ক

প্রকাশ: ০১:১৩, ১৭ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: ঢাকা পোস্ট

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। রোববার (১৬ আগস্ট) সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, এটি কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত হবে না।

ওই কর্মকর্তা বলেন, আদালতে প্রথমে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে শেখ হাসিনা যে অপরাধে দণ্ডিত হয়েছেন, সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে বিবেচিত কি না। এরপরই প্রত্যর্পণের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

ভারত সরকারের আরেক শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে তার প্রত্যর্পণ নিয়ে ভারতের আদালতের সিদ্ধান্ত কী হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় সব নথিপত্র সংযুক্ত করেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বর্তমানে দিল্লির একটি রেস্ট হাউজে তার অবস্থান বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

এদিকে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও সাবেক সংসদ সদস্য সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, শেখ হাসিনা মাঝে মধ্যে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি তিনি নিয়মিত টেবিল টেনিস খেলেন বলেও তারা দাবি করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। পরে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ এখন বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তবে তাকে দেশে ফেরানো হবে কি না, তা শেষ পর্যন্ত ভারতের আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে বলে জানিয়েছেন দেশটির ওই কর্মকর্তা।

সূত্র: ঢাকা পোস্ট

আরও পড়ুন