কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা

ছবি: সংগ্রহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। একই সঙ্গে আরও কয়েকজন উপদেষ্টাও কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, তিনি নিজেই পাসপোর্ট জমা দিয়েছেন এবং আপাতত বিদেশ সফরের কোনো প্রয়োজন নেই। জরুরি বৈঠক ছাড়া সাধারণত তিনি কোনো আন্তর্জাতিক মিটিংয়েও অংশ নেন না বলেও জানান। তার ভাষায়, নিয়ম অনুযায়ী উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিতেই হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি নির্বাচিত সরকারের জন্য চাপ সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে আলোচনা বা চুক্তির কথা বলা হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন এবং এ প্রক্রিয়ায় তিনি সম্পৃক্তও নন।

নির্বাচনে গণভোট আয়োজন করতে কত অর্থ ব্যয় হয়েছে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্দিষ্ট অঙ্ক তার জানা নেই। তবে নির্বাচন যেন সুষ্ঠু ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যয় করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও সিসি ক্যামেরাসহ যেসব খাতে অর্থ প্রয়োজন ছিল, সেখানে কোনো কার্পণ্য করা হয়নি বলেও জানান তিনি।

দেড় বছর দায়িত্ব পালন শেষে দেশের অর্থনীতি কোন অবস্থায় রেখে যাচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, তিনি মনে করেন অর্থনীতি এখন একটি সন্তোষজনক ও স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভবিষ্যৎ সরকার এই অবস্থান থেকে সহজেই সামনে এগোতে পারবে এবং আগের মতো নড়বড়ে পরিস্থিতি আর নেই।

সরকার সর্বোচ্চ ঋণ করেছে—এমন অভিযোগের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ঋণ নেওয়ার পাশাপাশি বড় অঙ্কের ঋণ পরিশোধও করা হয়েছে। তার দাবি, সরকার ইতোমধ্যে প্রায় ৬ বিলিয়ন ডলার ঋণ শোধ করেছে।

আরও পড়ুন