নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:৩৫, ৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের জ্বালানি দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল সক্ষমতা উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনা জোরদারে প্রায় ২১.৭৭ মিলিয়ন ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ২৭০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের মধ্যে পাঁচটি পৃথক অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। জার্মান সরকারের প্রতিনিধিত্ব করে চুক্তিতে সই করেন জিআইজেড ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর হেনরিখ-জর্গেন শিলিং।
এই অনুদানের আওতায় যে পাঁচটি প্রকল্প বাস্তবায়িত হবে সেগুলো হলো—
জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতিগত সহায়তা ও জ্বালানি সাশ্রয় প্রকল্প, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নগর সংহতি ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে ‘ইন্টিগ্রেট’ প্রকল্প, শিল্প ও পরিবেশগত নিরাপত্তা বিষয়ে পেশাদার শিক্ষা উন্নয়নে ‘প্রিসাইজ’, পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়নে ‘গ্রেস’ এবং এশিয়ায় প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ডিজিটাল দক্ষতা অর্জনে ‘ডিএস২এস’ প্রকল্প।
অনুষ্ঠানে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার। এই অনুদান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এ সময় জিআইজেড-এর কান্ট্রি ডিরেক্টর হেনরিখ-জর্গেন শিলিং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জার্মান সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
ব্রেকিং